চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন

শিক্ষা ও স্বাস্থ্যের নীরবে বাণিজ্যিকীকরণ হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:৩৩ এএম

গণমানুষের স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ‘চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের’ যাত্রা শুরু হলো। এই হাসপাতালে শুধু সমাজের উচ্চবিত্তরাই নয়, সমাজের সাধারণ স্তরের মানুষও সেবা পাবে। গত এক দশকে দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাণিজ্যিকায়ন হয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্য বিবেচনায় নিয়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বীর উত্তম অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আকতার।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামে হৃদরোগী বেশি। ঢাকায় কিংবা দেশের বাইরের যেকোনো হাসপাতালে চট্টগ্রামের হৃদরোগীর আধিক্য দেখা যায়। আর এর পেছনে রয়েছে এখানকার মানুষ অতিমাত্রায় গরুর মাংস খেয়ে থাকে।

গত এক দশকে দেশে শিক্ষায় ও স্বাস্থ্যে নীরবে বাণিজ্যিকায়ন হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রামে ইমপেরিয়াল নামে উন্নত অবকাঠামো নিয়ে একটি হাসপাতাল হলেও চিকিৎসক ও নার্সের অভাবে তা নগরবাসীকে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না। অপরদিকে এভারকেয়ার হাসপাতাল ব্যয়বহুল। এতে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত হবে?’ তাই হার্ট ফাউন্ডেশনে যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়, সেই প্রত্যাশার কথা জানান তথ্যমন্ত্রী।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এস এম আবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। নগরের গোল পাহাড় এলাকায় মেরি স্টোপস ক্লিনিকের পাশে একটি ভাড়া বাসায় হাসপাতালটির প্রাথমিক কার্যক্রম পরিচালিত হবে। পরে জাকির হোসেন রোডে অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতালে অস্থায়ীভাবে এর চিকিৎসা কার্যক্রম শুরু হবে। স্থায়ীভাবে হাসপাতালটি গড়ে উঠবে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত