দেশ রূপান্তর আজকের প্রেডিকশন

নেদারল্যান্ডস ২-০ বা ৩-১ ব্যবধানে জিতবে: ওয়ালী ফয়সাল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:৩২ পিএম

অন্তত নিজেদের শেষ ম্যাচটা জিতে বিশ্বকাপ শেষ করতে পারবে স্বাগতিক কাতার? ‘এ’ গ্রুপের দলটি মঙ্গলবার মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

ডাচরা এ ম্যাচে মাঠে নামবে শেষ ষোলো নিশ্চিত করতে। বলা যায় ডাচদের সামনে অনেক সহজ সমীকরণ। জিতলে তো হলোও, শুধু ড্র করলেও চলবে। এমনকি হারলেও পথ খোলা থাকবে। অন্য ম্যাচের ফলের ওপর তখন ভাগ্য নির্ধারণ হবে। এমন অবস্থায় কাতারের বিপক্ষে নেদারল্যান্ডসকেই ফেভারিট বলছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়ালী ফয়সাল।

কাতার বিশ্বকাপে আজ মোট চারটি খেলা অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে থাকা নেদারল্যান্ডস ও কাতার মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। একই সময়ে মুখোমুখি হবে গ্রুপের অন্য দুই দল ইকুয়েডর ও সেনেগাল।

এ ছাড়া ‘বি’ গ্রুপে থাকা দলগুলোও মাঠে নামবে। ওয়েলস খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ইরান মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। এই দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এই ম্যাচ চারটি নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন ‘আজকের প্রেডিকশন’ অনুষ্ঠানে কথা বলেছেন ওয়ালী ফয়সাল। মোহোমেডানের এই ডিফেন্ডার নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে পরিষ্কার ফেভারিট মনে করছেন।

নেদারল্যান্ডস-কাতার ম্যাচ নিয়ে ওয়ালী বলেন, ‘কাতার এরই মধ্যে ছিটকে গেছে। তাদের বিপক্ষে নেদারল্যান্ডস অবশ্যই ফেভারিট থাকবে। প্রেডিকশন করলে বলব নেদারল্যান্ডস ২-০ বা ৩-১ এ জিততে পারে।’

ইকুয়েডর ও সেনেগাল ম্যাচ নিয়ে ওয়ালী বলেন, ‘দুর্দান্ত একটা আমরা উপভোগ করতে পারব। ইকুয়েডর ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। সেনেগালের অবশ্যই এই ম্যাচে জিততে হবে। সেনেগাল পর পর দুই ম্যাচই খুব ভালো করেছে। আমি চাইব সেনেগাল এই ম্যাচটা জয় লাভ করুক।’

‘এ’ গ্রুপ থেকে এখনও কোনো দলের শেষ ষোলো নিশ্চিত হয়নি। ‘বি’ গ্রুপেরও একই চিত্র। ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড হার এড়ালেই উঠে যাবে নকআউট পর্বে। এমনকি হারলেও সুযোগ থাককে। এই ম্যাচ নিয়ে ওয়ালী বলেন, ‘ওয়েলস খুব একটা ভালো করেনি আগের ম্যাচগুলোতে। অন্য দিকে ইংল্যান্ড এই বিশ্বকাপে ফেভারিট দল। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তারা।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটায় খুব জমজমাট লড়াই হবে বলে মনে করছেন ওয়ালী, ‘কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ইরানের ড্র করলেই হবে। অন্য দিকে যুক্তরাষ্ট্রের বাঁচা মরার লড়াই। এটাও খুব উপভোগ্য খেলা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত