আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশি মানুষের উন্মাদনার কথা জেনে গেছে ফিফা থেকে শুরু করে লিওনেল মেসির দেশও। বাংলাদেশিদের এমন সমর্থনের জবাব নানাভাবে দিচ্ছে আর্জেন্টাইনরা। ফেসবুকে ‘ফ্যানস আর্জেন্টিনোস দ্য লা সেলেসিয়ন দ্য ক্রিকেট দ্য বাংলাদেশ’ নামের গ্রুপ খোলা হয়েছে। বাংলায় যেটির অর্থ দাঁড়ায় ‘বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী। ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ জয়ের খবর টুইট করেছে আর্জেন্টাইন রেডিও ‘এল ডেসট্যাপ’।
টুইট করে আর্জেন্টাইন রেডিও ‘এল ডেসট্যাপ’ বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজের জয় উদযাপনের উড়ন্ত ছবিও দিয়েছে। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া দৈনিক ওলে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে ফেসবুক গ্রুপ খোলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা জেনেই তারা খুলে বসেছে ‘ফ্যানস আর্জেন্টিনোস দ্য লা সেলেসিয়ন দ্য ক্রিকেট দ্য বাংলাদেশ’ নামের গ্রুপটি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ড্যান লানদে নামের এক ব্যক্তি ৩ ডিসেম্বর গ্রুপটি খোলেন। ইনস্টাগ্রামে আরেক আর্জেন্টাইনের পরামর্শে মজার ছলেই খোলা হয় সেটি। কিন্তু গ্রুপের সদস্যসংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
