নড়াইলের আদালতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকালে অভিযান চালিয়ে খুলনার হরিণটানা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোবরা বাবুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
নড়াইল সদর থানার এসআই আমির হোসেন জানান, নড়াইল শহরের ভওয়াখালী (সিএস অফিসের উত্তর পাশে) এলাকার মৃত লাল মিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলের বিরুদ্ধে নড়াইল আদালতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা হয়। রায় ঘোষণার আগে থেকেই বাবুল পলাতক ছিল। এক বছর ধরে তাকে গ্রেপ্তারে একাধিকবার চেষ্টা চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার অভিযান চালিয়ে খুলনার হরিণটানা থানার কৈয়াবাজার এলাকার বিধানের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, অস্ত্র মামলায় এক বছর আগে নড়াইলের আদালতে যাবজ্জবীন কারাদ- হয় বাবুলের।
অপরদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলায় মোমেন মোল্লা (৩০) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোমেন ওই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিল মোমেন। তার বাড়িতে অবস্থান করার সংবাদ পেয়ে শনিবার রাতে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
