ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। গতকাল মঙ্গলবার রাতে গণভবনের সামনের ফটকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মাজহারুল করিমকে আর সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কু-র নাম ঘোষণা করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার আগে ২ ডিসেম্বর হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন। ৩ ডিসেম্বর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। তখন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদের কাউন্সিলে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার ওপর কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক নিয়মানুযায়ী আওয়ামী লীগ সভাপতি আজ (গতকাল) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্যান্য শাখার যাদের প্রার্থিতা রয়েছে তাদের জীবনবৃত্তান্ত বাছবিচার এবং পরীক্ষা-নিরীক্ষা করে নাম অনুমোদন করেছেন।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সম্মেলনের ১৫ দিন পর কমিটি ঘোষণা করা হলো।
