আশুগঞ্জে ট্রেনযাত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ট্রেনযাত্রীকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভাশুর নিহত হয়েছেন ছোট ভাইয়ের স্ত্রীর হাতে। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাত ব্যক্তির এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে গৃহবধূর গলাকাটা লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ রেলস্টেশনে বিরতির সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীকে হত্যা করা হয়েছে জবাই করে। এসময় ছুরিকাঘাতে আহত হয়েছেন অপর এক যাত্রী। নিহত নাঈম ইসলাম (২২) নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিমপাড়ার আমজাদের ছেলে। আহত যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাতেম আলী ভূইয়ার ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ স্টেশনে এসে দাঁড়ায়। এ-সময় পেছন দিকের দুটি বগি থেকে দুই তরুণ নেমে রেললাইনের পাশে ঝোপের দিকে গেলে ছিনতাইকারীরা নাঈম ইসলামের গলায় ছুরি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর তরুণকে ছুরিকাঘাত করলে তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে, নাসিরনগরে নদীর পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফান্দাউক এলাকার নাসিরনগর-লাখাই বলভদ্র নদীর দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পিরোজপুর : মঠবাড়িয়ার বড় মাছুয়া এলাকার একটি বাগান থেকে তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তন্বী উপজেলার বড় মাছুয়া  গ্রামের আবদুর রাজ্জাক আকনের মেয়ে। গত বুধবার সন্ধ্যা থেকে তন্বী নিখোঁজ ছিলেন।

কুমিল্লা : পারিবারিক দ্বন্দ্বে রিপন হোসেন (৪২) নামের এক মুদি দোকানি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তার ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগমকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঝগড়ার একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী ঘাড়ে এবং নিম্নাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই রিপন মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত