পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার ১ নম্বর আসামি ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী পৌর পরিষদ।
গতকাল সোমবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম এতে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে তিনি বলেন, গত বুধবার শহরের কড়ইতলা এলাকায় অপ্রত্যাশিতভাবে রিকশাচালক মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, হত্যাকা-ের সময় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন ঘটনাস্থলে ছিলেন না। অথচ সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র ছাড়াও কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ফরিদা ইয়াসমিন, ইউছুফ আলী, আমিনুর রহমান, মনিরুল ইসলাম সাবু, আবু জাহিদ উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
