বাজার করতে গিয়ে নিখোঁজ হয়েছে স্কুলছাত্রী লামিয়া আক্তার (১২)। চার দিন ধরে তার কোনো খোঁজ নেই। গত শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকা থেকে নিখোঁজ হয় লামিয়া।
তবে, নিখোঁজের পরদিন গত শনিবার এলাকার একটি পুকুরপাড় থেকে তার জুতা এবং বিল থেকে ওড়না পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, লামিয়া নিখোঁজের ঘটনায় আল আমিন (৩৫) নামের ব্যাটারিচালিত আটো রিকশার এক চালককে আটক করা হলে প্রাথমিক স্বীকারোক্তিতে তিনি লামিয়াকে শ^াসরোধে খুন করে লাশ বুড়াগৌরাঙ্গ নদীতে ভাসিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। গত রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই নদীতে অভিযান চালিয়েও লামিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। লামিয়া চরআন্ডা গ্রামের আবু তালেব মৃধার মেয়ে। ২০২০ সালে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছর পড়াশোনা থেকে বিরত ছিল।
পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের সাগরপাড় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যায় লামিয়া। কেনাকাটা করে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দিলেও আর বাড়ি ফেরেনি।
এদিকে, আটো চালক আল আমিনের ফাঁসির দাবিতে গত রবিবার বেলা সাড়ে ১১টায় চরআন্ডা সাগরপাড় বাজারে মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল নিয়ে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে সেখানেও মানববন্ধন করেন এলাকাবাসী। রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, আল আমিনের বিরুদ্ধে রবিবার রাতে মামলা হয়েছে।
