উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে বুধবার খেলবে থাইল্যান্ডের সঙ্গে।
গতকাল ওমানের মাসকটে মধ্য এশিয়ার দেশটিকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয়। এ ম্যাচেও হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম; জোড়া গোল মোহাম্মদ জয়ের। অন্য গোলটি করেন মোহাম্মদ হাসান।
হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। প্রথম ম্যাচে এক গোল করা আমিরুল শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৫ গোল। গতকাল গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় উজবেকিস্তান। তবে দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আমিরুল দুইবার লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩২তম মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। এরপর জয় দুইবার জালের দেখা পেলে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল।
