কারামুক্ত হলেন সেই বিএনপি নেতা আলী আজম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৭ এএম

হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো বিএনপি নেতা আলী আজম গতকাল বুধবার কারামুক্ত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম একটি মামলায় ১ মাস ৯ দিন কারাভোগ শেষে কারামুক্ত হয়েছেন।

আলী আজমের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় মামলায় গত ২ ডিসেম্বর আলী আজমকে পুলিশ গ্রেপ্তার করে। জেলখানায় থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তার মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে শেষবারের মতো মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওইদিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান এ বিএনপি নেতা। প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন তিনি। জানাজা ও মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম। ডান্ডাবেড়ি পরা অবস্থায় তিনি মায়ের জানাজা পড়ান।

ওই ঘটনায় ২১ ডিসেম্বর ‘হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজা পড়লেন বিএনপি নেতা’ শিরোনামে একটি খবর সচিত্র খবর গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ওই আইনজীবী আরও জানান, বিভিন্ন সংবাদপত্রে খবরসহ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক নাজমুন নাহারের কাছে পেশ করা হয়। পরে তিনি বিস্তারিত জেনে আলী আজমের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় তার মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে মুক্তির পর আলী আজম সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কোনোমতেই কাম্য নয়। কোনো দোষ না করেও মিথ্যা মামলায় আমাকে জেল খাটতে হয়েছে। জেলে থাকা অবস্থায় আমার মায়ের মৃত্যুর সময় প্যারোলে মুক্তি দিলেও দুর্ধর্র্ষ অপরাধীদের মতো হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে রেখেছে। যা খুবই অমানবিক কাজ হয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম অপমানিত হয়েছে।’ কারাগারে থাকার সময় এবং মায়ের মৃত্যুর পর বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন, এ জন্য তিনি দলের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত