ঘরের মাঠে ম্যানইউর মধুর প্রতিশোধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:০০ এএম

বিশ্বকাপের আগে অক্টোবরে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে নাস্তানাবুদ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটি সাইডবেঞ্চ থেকে দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর কাল মৌসুমের দ্বিতীয় ডার্বিতে মুখোমুখি দুই ম্যানচেস্টার। এবার রোনালদো নেই সঙ্গে ম্যানইউর দুর্ভাগ্যও নেই। তাই সাফল্যের অতীত ফিরিয়ে ম্যানইউ আদায় করে নিল মধুর প্রতিশোধ। ফিরে এলো নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেওয়ার ম্যানইউ-সুলভ রোমাঞ্চ। কাল শুরুতে গোল হজম করলেও মাত্র ৪ মিনিটের ব্যাবধানে সিটির জালে দুই গোল দিয়ে ম্যাচ জিতে নিল রেড ডেভিলসরা। ২-১ গোলের জয়ে ম্যানইউ নিজের সুবিধার সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিরাট ক্ষতি করে দিল। গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড।

ম্যাচটি জিতলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামানো সম্ভব ছিল সিটির জন্য। তা আর হলো না। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পেপ গার্দিওলার দল। ১৭ ম্যাচে গানারদের পয়েন্ট ৪৪। রোববার উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে হারালে সিটির সঙ্গে পয়েন্টের দূরত্ব ৮-এ নিয়ে যাবে আর্সেনাল। এদিকে এ জয়ে সিটির কাঁধে শ্বাস ফেলছে ম্যানইউ। সিটির মতো সমান ১৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৩৮। ৬-৩ ব্যবধানে হারের পর সব টুর্নামেন্ট মিলিয়ে টেন হ্যাগের দল ১৯ ম্যাচে মাত্র একটিতে হেরেছে। আর টানা ৯ ম্যাচ ধরে গোল করে চলেছেন রাশফোর্ড। মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন ১৬-তে।

এ মৌসুমে বরাবরের মতো চ্যাম্পিয়ন-সুলভ খেলতে পারছে না সিটি। গার্দিওলার দলের উত্থানপতন চলছেই। গত পাঁচটি মৌসুমে যে ধারাবাহিকতা সিটিকে চার শিরোপা এনে দিয়েছে এবার সেই দিকটায় ঘাটতি অনেক। তার ওপর কাল ভাগ্যও সঙ্গ দেয়নি সিটিকে। ৭৮ মিনিটে ব্রুনোর গোলটি শুরুতে অফসাইড কল করেন রেফারিরা। পরে ভিএআরে দেখে সিদ্ধান্ত বাতিল করেন এবং গোল ঘোষণা করেন। সমতায় ফেরানো গোল ম্যানইউকে উজ্জীবিত করে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে গোল করেন রাশফোর্ড। সিটি গোলকিপার এডারসনের সঙ্গে ওয়ান টু ওয়ান লড়াইয়ে অনেকটা সহজেই বল জালে রাখেন ইংল্যান্ড তারকা। দুই গোল হজমের পর গোলের সুবাস পেয়েছিল সিটি। কিন্তু রেফারি হালান্ডের পেনাল্টি আবেদন বাতিল করে দেন। তাই কেভিন ডি ব্রুইনের পাস থেকে হেড থেকে করা গ্রিলিশের গোলে এগিয়ে গিয়েও কোনো লাভ হলো না সিটিজেনদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত