কমলগঞ্জে পৌষসংক্রান্তিতে ধামাইল উৎসব

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে পৌষসংক্রান্তির দিনে অনুষ্ঠিত হলো শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব।

গতকাল রবিবার বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির আওতায় উপজেলার নারায়ণক্ষেত্র শব্দকর কালচারাল একাডেমিতে এ উৎসব হয়।

উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবদুস শহীদ। মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ধামাইল উৎসবে অংশ নেওয়া শব্দকর সম্প্রদায়ের শিল্পীরা মেলে ধরেন তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। এতে বিভিন্ন ধরনের ধামাইল গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হয়।

মোট ৭টি দল নৃত্যে অংশগ্রহণ করে। এর মধ্যে আসন বন্দনায় গীত হয় ‘তোমরা আসন সাজাওগো’, বিচ্ছেদ বন্দনায় ‘আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়’, আক্ষেপ পর্বে ‘আমি সাধ করে পরেছি গলে শ্যাম কলঙ্কের মালা’, জলভরা পর্বে ‘আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া সখী গো’ ইত্যাদি গান ও নৃত্য পরিবেশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত