চট্টগ্রাম নগরের খুলশি থানা এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান ড্রাইভিং লাইন্সেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০২১ সালের ৮ মার্চ। ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার ৩-৪ মাস পর তার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই স্মার্ট কার্ড পাননি গত দুই বছরেও। বৃহস্পতিবার দুপুরে বিআরটিএ, চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড না পেয়ে হতাশ হয়ে বাসায় ফেরেন মেহেদী। ‘আমার স্মার্ট কার্ড পাওয়ার কথা ছিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ৩-৪ মাস পরে। গত দুই বছরে বিআরটিএ কার্যালয়ে এসেছি অন্তত ২০-২৫ বার। আজও পাইনি ড্রাইভিং স্মার্ট কার্ড’ বলেন মেহেদী।
ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের বিড়ম্বনার শিকার শুধু মেহেদী নয়, প্রতিদিন অসংখ্য মানুষ বিআরটিএ কার্যালয়ে গিয়ে স্মার্ট কার্ডের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। লাইসেন্সপ্রত্যাশীদের ভোগান্তির কথা স্বীকার করে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক রায়হানা আক্তার ঊর্মি বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের বর্তমান ভেন্ডর মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেড। সংস্থাটির হাতে এখনো প্রিন্ট হওয়ার বাকি আছে প্রায় ২০ হাজার স্মার্ট কার্ড। ইতিমধ্যে সংস্থাটির কাছ থেকে প্রিন্টেড পাঁচ হাজার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এসেছে। কারিগরি ত্রুটি-বিচ্যুতির কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হতে পারে।’
বিআরটিএ’র এই কর্মকর্তা জানান, ৬-৭ মাস আগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের পূর্ববর্তী ভেন্ডর ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড। সংস্থাটির প্রিন্ট করা ৮৪ হাজার স্মার্ট কার্ড বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে পাঠায়। ‘আমরা তখন পত্রিকায় বিজ্ঞপ্তি এবং মাইকিং করেও লাইসেন্স গ্রহীতাদের পাইনি। ৮৪ হাজার থেকে এ পর্যন্ত ৬৯ হাজার স্মার্ট কার্ড গ্রাহকদের মধ্যে বিতরণ করেছি। এখনো ১৫ হাজার স্মার্ট কার্ড পড়ে আছে আমাদের কার্যালয়ে।’
এদিকে সংস্থাটির দায়িত্বশীল এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, পূর্ববর্তী ভেন্ডর ‘বিএমটিএফ’ থেকে আসা ৮৪ হাজার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড বিআরটিএ’র হাতে আসে লাইসেন্স প্রত্যাশীদের তিন বছর ভোগানোর পর। এখন ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্টের দায়িত্বে আছে ভারতীয় প্রতিষ্ঠান ‘মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেড’ (এমএসপি)।
বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের লাইসেন্স শাখায় গিয়ে দেখা যায়, দেড় থেকে দুই বছর ঘুরেও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড মিলছে না বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। তাদের একজন আকবর হোসেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০২২ সালের মে মাসে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বিআরটিএ রসিদ দিয়েই গাড়ি চালাচ্ছি। গত ৮ মাসে ৭-৮ বার বিআরটিএ কার্যালয়ে এসেছি স্মার্ট কার্ডের জন্য। কার্ড সম্পন্ন হয়েছে বলে মোবাইলে মেসেজ আসার পর বিআরটিএ কার্যালয়ে এলে লাইসেন্স শাখার দায়িত্বপ্রাপ্তরা চেক করে বলেন, ‘স্মার্ট কার্ড আসেনি’। শুধু প্রাপ্তি রসিদের মেয়াদ বাড়াচ্ছে বিআরটিএ।’
বিআরটিএ সূত্র জানায়, ২০১৬ সালে ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড সরবরাহের জন্য ‘টাইগার আইটি’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিআরটিএ। ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে তাদের ১৫ লাখ কার্ড ছাপানোর কথা। প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তির তিন বছরের মধ্যেই সাড়ে ১৪ লাখের কাছাকাছি কার্ড ছাপিয়ে বিআরটিএকে সরবরাহ করে। চাহিদার কারণে নির্ধারিত সময়ের আগেই বেশি কার্ড ছাপাতে হয় তাদের। দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় পুরনো ঠিকাদার টাইগার আইটির সঙ্গে জটিলতা তৈরি হয় বিআরটিএ’র। ডুয়াল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্ট কার্ডে ছাপা ড্রাইভিং লাইসেন্স সরবরাহের জন্য ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে গত বছরের ২৯ জুলাই চুক্তি হয় বিআরটিএ’র। আগামী পাঁচ বছরে ৪০ লাখ ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে গত বছর ১৮ মে থেকে কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রামে প্রতিদিন দেড়শ থেকে দুইশ মানুষের ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক শরীফুজ্জামান ভুঞা ড্রাইভিং স্মার্ট কার্ডের জন্য গ্রাহকদের ভোগান্তির কথা নাকচ করে দিয়ে বলেছেন, ‘ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোগান্তির দিন শেষ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সব কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
