আর্জেন্টিনার দূতাবাসের সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরো। তার ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস ও আর্জেন্টিনায়ও বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত নেবে উভয় দেশ। আগামী ২৭ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপে জয়লাভের পরে আমি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরোকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। বলেছিলাম, আপনি আসেন এবং সঙ্গে মেসিকে নিয়ে আসেন। এখানে তারা মিশন খুললে এটি হবে প্লাস পয়েন্ট।’

ড. মোমেন বলেন, ‘আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা আমাদের ছিল, আর্থিক বিষয় বিবেচনা করে সেখানে দূতাবাস খোলা হবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, আর্জেন্টিনার নয়াদিল্লি দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে। তারা বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ের ক্ষেত্রগুলো নিয়ে কাজ করছে।

১৪ ফেব্রুয়ারি আসছেন ভারতের পররাষ্ট্রসচিব : জি-২০ শীর্ষ সম্মেলন আগামী ৯-১০ সেপ্টেম্বর এবার ভারতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন প্রস্তুতি এবং দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে আলোচনা করতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো একক সফরে আসছেন তিনি। আগামী ১ থেকে ২ মার্চ জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এতে অংশ নিতে এবং দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে দেশটিতে সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জি-২০ জোটের বর্তমান চেয়ার ভারত। দেশটি সাউথ-সাউথের মতামত নেওয়ার জন্য জি-২০-এর সদস্য নয় এমন ৯টি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সম্মান।’

তিনি বলেন, ‘জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরতে পারব। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন, ওদের পররাষ্ট্র সচিব আসবেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্র সচিব তার সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তার।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মধ্যস্বত্বভোগীর বাধা দূর হওয়ার আশা : মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বাংলাদেশ সফরে মধ্যস্বত্বভোগী চক্রের বাধা দূর হওয়া নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘মালয়েশিয়ার আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টোপাল্টা কাজ হয়। আশাকরি, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে সেগুলো দূর হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয় সুরাহা করার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। এর ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বলছে, প্রথম বিদেশ সফরে ঢাকা আসছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। দিনক্ষণ এখনো ঠিক না হলেও তিনি যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন, সেটি নিশ্চিত। সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে উভয় দেশ। সে জন্য তার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বুধবার (২৫ জানুয়ারি) বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশিদের রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তারা স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও অধিকসংখ্যক বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিয়োগের ক্ষেত্রে দুই পক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত