বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গবেষণার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। যত বেশি গবেষণা হবে তত বেশি বরাদ্দ দেওয়া হবে গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অতুল খোসলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, আইন বিভাগের গ্র্যাজুয়েট সাইফুল ইসলাম।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে বইগুলোর মধ্যে ভুল থাকতে পারে। আমরা বলেছি কোথাও কোনো ভুল থাকলে আমরা সঙ্গে সঙ্গে তা সংশোধন করব। কিছু স্বার্থান্বেষী মহলের অসত্য অপপ্রচার বা গুজবে কান না দিয়ে কোন বইতে কী আছে বা নেই তার সত্যতা যাচাই করার জন্য এনসিটিবির ওয়েবসাইট দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
দীপু মনি বলেন, গবেষণাকে যদি বাণিজ্যিকীকরণে না নেওয়া যায়, তা যদি শিল্পকে সহায়তা না করে নতুন মান অর্জনের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই গবেষণার মূল্য থাকবে না।
স্বাগত বক্তব্যে ড. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করেছে এবং এর একাডেমিক সিস্টেমের সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করেছে।
সমাবর্তন বক্তা অধ্যাপক অতুল খোসলা বলেন, আপনার পরিকল্পনা অনুযায়ী জীবন চলে না। মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং জীবন যথেষ্ট মসৃণ নৌযান নাও হতে পারে। আপনি কীভাবে উভয় পরিস্থিতি পরিচালনা করবেন তা আপনার সাফল্যের প্রকৃত স্তর নির্ধারণ করবে।
এবারের সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ হস্তান্তর করেন।
