কক্সবাজারের উখিয়ার পৃথক তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলায় এক নারী নিহত ও এক পুলিশসদস্য সহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ জানায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুর কায়েস (২৫) নামে রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এসময় আরফাত হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়। আহত ব্যক্তিকে ক্যাম্প অভ্যন্তরে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য খায়রুল আলম আহত হয়েছেন। বর্তমানে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ ঘটনা ঘটে।
উপপরিদর্শক জাহিদুর রহমান বাদল বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও ১৪ এপিবিএন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভোলেন্টিয়ারদের ডিউটি চেক করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার চামড়ায় লেগে বেরিয়ে যায়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি আবদুর রহিমকে গুলি করেছেন একদল মুখোশধারী সন্ত্রাসী। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন। গুলিবিদ্ধ হেডমাঝি হলেন মোহাম্মদ আবদুর রহিম (৩৮)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে১১টার দিকে উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকে এ ঘটনা ঘটে।
৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
