বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঢাকা সফররত মার্কিন কূটনীতিক দেশের গণতন্ত্র নিয়ে সরকারকে পরিষ্কার বার্তা দিয়ে গেছেন। দেশে গণতন্ত্র নিম্নগামী থাকলে, সম্পর্কের অবনতি হবে, সহযোগিতা কমে আসবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এ নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মার্কিন কূটনীতিকের প্রসঙ্গ তুলে আমীর খসরু আরও বলেন, ‘মার্কিন কূটনীতিক মানবাধিকার প্রশ্নে কোনো আপস নেই বলে জানিয়ে দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র চলতে পারে না। এ কথাগুলো তিনি ঢাকায় বসে বলেছেন। কথাগুলো দেশের মানুষের জন্য কত অপমানকর!’
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তাদের পকেটে চলে গেছে। এ জন্য বাংলাদেশের মানুষ যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তেমনি বিশ্ববাসী, বিশ্ববিবেক প্রতিবাদ করছে। এ প্রতিবাদ বাংলাদেশে যেমন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বিশ্ববাসীও জোর করে ক্ষমতায় যাওয়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে।’
সরকারের কর্মকা-ে সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। পতন ঠেকাতে কখনো দুটোকেই তারা একত্রে ব্যবহার করছে। গুম-খুন-আক্রমণ-গ্রেপ্তার-ভয়ভীতি দেখানো ইত্যাদিই তাদের এখন ক্ষমতায় টিকে থাকার প্রধান অস্ত্র।’
আওয়ামী লীগের অর্থনীতির মডেল লুটপাটের মডেল : দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘দেশের বর্তমান অর্থনীতির যে মডেল বিরাজ করছে তাকে “আওয়ামী লীগের লুটপাটের মডেল” বলা যায়। দেশের সাধারণ আমদানিকারকরা আজকে ডলারের অভাবে এলসি খুলতে ও পণ্য আমদানি করতে পারছেন না। কিন্তু সরকারের ঘনিষ্ঠরা ডলার পাচ্ছে, তারাই এলসি খুলতে পারছে এবং তারাই বাজার নিয়ন্ত্রণ করছে।’
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির ত্রাণ : গতকাল বিকেলে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপি পক্ষ থেকে জরুরি ওষুধ ও শুকনো খাদ্যসামগ্রী ঢাকায় তুরস্ক দূতাবাসে পৌঁছে দিয়েছেন দলটির নেতারা। এ সময় আমীর খসরু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ এবং দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
