ডিএনসিসির ময়লার গাড়িচাপায় যুবকের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৬:২৪ এএম

ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় আবারও একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত ওই ব্যক্তির নাম আবু তৈয়ব (৩০)। গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মুক্তবাংলা শপিং সেন্টারের পাশে সনি সিনেমা হল মোড় দিয়ে আবু তৈয়ব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ডিএনসিসির একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেল চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবু তৈয়বের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ডিএনসিসির গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে গত বছর ২ এপ্রিল রাতে খিলগাঁওয়ে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন। ওই বছরের ২৩ জানুয়ারি মহাখালীর উড়াল সড়কের কাছে ময়লার গাড়ির ধাক্কায় আরেক নারীর মৃত্যু হয়। একই বছরের জুলাইয়ে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে ময়লার গাড়ির চাপায় এক তরুণ নিহত হন। তার আগে ২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান নটর ডেম কলেজের এক ছাত্র। পরদিন পান্থপথ এলাকায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যু হয় ময়লার গাড়ির ধাক্কায়। ওই বছরের ২৩ ডিসেম্বর ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে আরেকজন নিহত হন।

মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র বাসচাপায় নিহত : সিরাজগঞ্জের বেলকুচি থেকে ভোরে মোটরসাইকেলে করে বেরিয়েছিলেন তিন বন্ধু। এক মোটরসাইকেলে চড়েই তারা যাচ্ছিলেন রাজশাহীর দিকে। কিন্তু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কেই থেমে গেছে তাদের জীবনের পথচলা। গতকাল ভোরে অজ্ঞাত একটি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন নাটোর সিটি কলেজের তিন শিক্ষার্থী।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকার ওই দুর্ঘটনায় নিহত আলমগীর হোসেন (২২), সুজন (২১) ও সিয়াম (২১) নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আলমগীর বেলকুচি উপজেলার ফুলঘাগড়াখালী এলাকার আবদুল বারেক সরকারের ছেলে আর সুজন রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। সিয়ামের বিস্তারিত পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি মোটরসাইকেলে করে এই তিন কলেজছাত্র রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, তিনজনের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে দুই পরিবহনশ্রমিক নিহত : বাগেরহাট জেলার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক ও পিকআপচালকের দুই সহকারী নিহত হয়েছেন। গতকাল সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন খুলনা মহানগরের খালিশপুর এলাকার নুর হোসেনের ছেলে ইমন হাসান (২১) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ওহিদ শেখের ছেলে রিয়াদ শেখ (২২)। এর মধ্যে ইমন হাসান বালুভর্তি ট্রাকের চালকের সহকারী এবং রিয়াদ শেখ পিকআপের চালকের সহকারী ছিলেন।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, গতকাল সকালে গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা এলাকায় পৌঁছানোর পর চাকা ফেটে গেলে ট্রাকটি দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি মাছবাহী পিকআপ ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী ও পিকআপের সহকারী দুজন ঘটনাস্থলেই নিহত হন।

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : নওগাঁর বদলগাছীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম (২২) মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেল আলীর ছেলে। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

পুলিশের বরাতে নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেলে মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর : হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় মিন্নত আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাধবপুর মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সেতুর ওপর একটি ঢাকাগামী বাস মিন্নত আলীকে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিন্নত আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত