শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মোট শেয়ারের ৩০ শতাংশ বা ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকা। এ বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাইবে তালিকাভুক্ত কোম্পানিটি। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটি। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্টের পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
×
