ফোকগানের শিল্পী রোজিনা আক্তার আবারও নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির। তবে এই গানটি বিশেষ একটি বিষয় নিয়ে তৈরি। ‘উন্নয়নে শেখ হাসিনা’ শিরোনামের এই গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প বলা হয়েছে। ‘এগিয়ে চলেছে স্বদেশ উন্নয়নের পথে/ লক্ষ কোটি প্রাণের মিশ্রণে বাঙালি এক সাথে’ এমন কথার গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। গানটি আজ ‘সুরের আলো বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। রোজিনা বলেন, ‘আমি নানা ধরনের গান গাই। তবে দেশের ও দেশের উন্নয়নের গান গাইতে বেশি ভালো লাগে। এর আগেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক গান প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধে বিশ্বাসী দর্শক-শ্রোতারা গানগুলোকে খুব ভালোবাসা দিয়েছেন। আশা করি এই গানটিও তাদের মন জোগাবে।’ রোজিনা আক্তারের দীর্ঘদিন ধরে গানের সঙ্গে বসবাস। গানেই তিনি খুঁজে পান বেঁচে থাকার প্রেরণা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত হয়ে নিয়মিত গান করছেন রোজিনা। এবারের গানগুলো নিয়েও তিনি আশাবাদী। প্রধানমন্ত্রীর স্নেহধন্য হয়েছেন কণ্ঠশিল্পী রোজিনা আগেও। এবারও তিনি প্রধানমন্ত্রীর শুভকামনায় সিক্ত হতে চান তার গানের মাধ্যমে।
×
