খুলনার মহসেন, আফিল, সোনালী, জুট স্পিনার্স, অ্যাজাক্সসহ বন্ধ হওয়া সব বেসরকারি পাটকলের শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটিসহ চূড়ান্ত বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।
শ্রমিক নেতা মো. বাবুল হোসেনের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা ওয়াহিদ মুরাদ, মুক্তিযোদ্ধা আজহার মাতব্বর, সাইফুল্লাহ তারেক, ক্বারী আসহাব উদ্দীন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বকেয়া পাওনা আদায়ে ১৮ মার্চ খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের কাছে স্মারকলিপি প্রদান, ২০ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ সকাল ১০টা থেকে নগরীর ফুলবাড়ী গেটে খুলনা-যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
