বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ : প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৩:১৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দারিদ্র্য-ক্ষুধামুক্ত স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

স্বাধীনতা দিবসের এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন আমরা জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলি। বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ।’

৫১ সেকেন্ডের শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি।’ অডিও-ভিজুয়াল বার্তাটি দেশের প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে পাঠানো হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রী : এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম গতকাল দেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। বিকেল ৫টার দিকে বঙ্গভবনের লনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

কভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ ব্যবধানের পর স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২৫০০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যরা। শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও সংবর্ধনায় যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিকরা। এ উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তারা আহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি প্রথমে এবং পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। খবর বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত