মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:০৫ এএম

রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে অষ্টম শ্রেণির চার ছাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজ ওই শিক্ষার্থীদের অভিভাবকরা কাফরুল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল বৃহস্পতিবার কাফরুল থানার ওসি হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি হাফিজ জানান, নিখোঁজ চার শিক্ষার্থী হলো কল্পনা, সামিয়া, খুশি ও কুলসুম। এদের মধ্যে কল্পনা স্থানীয় কাজী আবুল হোসেন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর খুশি, সামিয়া ও কুলসুম মিরপুর ১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ওসি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তারা পায়ে হেঁটে একত্রিত হয়ে চলে যায়। কিন্তু কোথায় গিয়েছে তা এখনো জানা যায়নি। তবে আমরা তাদের সহপাঠীদের সঙ্গে কথা বলে ধারণা করছি তারা সিলেটে যেতে পারে। আমরা সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি।

নিখোঁজ কুলসুমের বাবা ইসলাম উদ্দিন জিডিতে উল্লেখ করেছেন, গত মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তার মেয়ে। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। পরে জানতে পারেন মেয়ের আরও তিন বান্ধবী একই কথা বলে বাসা থেকে বের হয়েছে। তারাও ফেরেনি। ইসলাম উদ্দিন বলেন, মেয়ের ভেতরে কোনো ধরনের পরিবর্তন দেখিনি। বেশি নামাজ পড়া, পর্দা করার মতো কিছু পাইনি। বাসায় স্মার্টফোন নেই তবে সে অন্য বান্ধবীদের বাসায় গিয়ে আড্ডা দিত। তারা চার বান্ধবী খুব ঘনিষ্ঠ ছিল।

নিখোঁজ সামিয়ার বাবা লিটন কাজী বলেন, আমার মেয়ে সবচেয়ে বেশি আড্ডা দিত খুশির বাসায়। তার বাসা আমাদের বাসার কাছাকাছি। খুশির মোবাইলে টেলিগ্রাম নামের একটি অ্যাপ দিয়ে কথা বলত। মোবাইলে কোনো মেসেজ তারা রেখে যায়নি। সব ডিলিট করে দিয়েছে। খুশির জামাই (স্বামী) মোবাইল নিয়ে পুলিশের কাছে গিয়েছে। সেটাতেও কোনো মেসেজ পাওয়া যায়নি। তারা জঙ্গি বা অন্য কারও হাতে পড়ল কি না তা বুঝতে পারছি না। তাদের আচরণের কোনো পরিবর্তন আমি দেখিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত