পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

‘শিশু নির্যাতন ও অপব্যবহারে’ শামস গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০১:৩২ এএম

‘জীবনযাত্রার ব্যয় নিয়ে’ প্রতিবেদন করার জন্য নয়, ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুর অপব্যবহারের’ কারণে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও বলছে, এ নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অতিরঞ্জিত খবর প্রকাশ করেছে।

সাংবাদিক শামসকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করে গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের নজরে এসেছে যে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করছে “বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া” নিয়ে লেখার কারণে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য পুরোপুরি মিথ্যা ও অতিরঞ্জিত। এই সাংবাদিককে “শিশু নির্যাতন” ও “শিশুর অপব্যবহারের” কারণে গ্রেপ্তার করা হয়েছে।’

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জীবনযাত্রার ব্যয় বেড়েছে উল্লেখ করে পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এ যুদ্ধের শুরু থেকেই জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া নিয়ে বাংলাদেশের অনেক সংবাদমাধ্যম নিয়মিত প্রতিবেদন করে আসছে। এ ধরনের সংবাদের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহারের জন্য, তিনি একটি ৯ বছরের শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের বক্তব্যকে শিশুর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন। এটি অবশ্যই চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়েটেশন। দ্বিতীয়ত, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন; এ ধরনের কার্যকলাপও অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।’

সব নাগরিক ও সংবাদমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ শিশু অধিকার সনদের পক্ষভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নির্যাতনের কাজ সহ্য করবে না। পাশাপাশি মহান স্বাধীনতাকে কলঙ্কিত করার এমন চেষ্টাকেও গ্রহণ করবে না সরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত