চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় মো. সোলেমান নামে (২১) এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। একই রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত সোলেমান জামিনে গিয়ে পলাতক আছেন। তিনি নগরের দেওয়ানহাট পোস্তার পাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী।
জানা যায়, ২০১৭ সালের ১৩ আগস্ট নগরের বিআরটিসি জামতলা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সোলেমানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো শাখা। এ ঘটনায় সংস্থাটির তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে সোলেমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২০ সালের ৫ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
