দেশজুড়ে বিক্ষোভ সত্ত্বেও সাংবিধানিক পরিষদের অনুমোদন পেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল। শুক্রবার দেশটির সাংবিধানিক পরিষদ বিলটি অনুমোদন দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আল জাজিরা জানায় এ সংস্কারকে সাংবিধানিক পরিষদের অনুমোদন দেয়ার ফলে দ্রুত আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে।
সেপ্টেম্বর থেকেই নতুন এই আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ফ্রান্সের সরকার।
এদিকে বিতর্কিত পেনশন সংস্কারকে সাংবিধানিক পরিষদ অনুমোদন দেয়ার পরপরই ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে জনগণ। এ সময় প্যারিস সিটি হলের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা।
মূলত গত জানুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা নেন এবং পার্লামেন্টে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তের পরই সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। গত কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংস বিক্ষোভের মধ্যেই বিলটির অনুমোদন দেয়া হলো।
এর আগে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত।
