তপ্ত দিনে নাসির ১১২ শান্ত ১০২

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২ পিএম

১০৫ ডিগ্রি ফারেনহাইটের তপ্ত দিনের মধ্যেও থেমে নেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির দুই মাঠে এমন তাপপ্রবাহের মধ্যেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছেন ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত করেছেন ১০২, নাসির হোসেন তার চেয়ে ১০ রান বেশি।

৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছিল অগ্রণী ব্যাংক। দলের কর্তাব্যক্তিরা আশা করেছিলেন ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিয়মিত হওয়ার, সেই লক্ষ্যে ভালো বাজেটও পেয়েছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু তারা দল গড়েন জহুরুল ইসলাম, ইলিয়াস সানি, মার্শাল আইয়ুবদের মতো সেরা সময় পেছনে ফেলা ক্রিকেটারদের নিয়ে। ফল, অবনমনের শঙ্কা। কাল মিরপুরে প্রাইম ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের করা ৪ উইকেটে ২৭৩ রান নাসির হোসেনের সেঞ্চুরিতে ২০ বল আগেই টপকে যায় প্রাইম ব্যাংক। ১১ ম্যাচে অষ্টম হারে পয়েন্ট টেবিলে ১২ দলের ভেতর অগ্রণী ব্যাংক ১০ম, আজ শাইনপুকুর ও ঢাকা লেপার্ডস যদি নিজ নিজ খেলায় জিতে তাহলে আরও নামবে ব্যাংকপাড়ার ক্লাবটি। অবনমন শঙ্কায় আছে শাইনপুকুর ও লেপার্ডসও। প্রথম পর্বের শেষ দিনে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারাতে পারলে অবনমন লিগ এড়াতে পারবে শাইনপুকুর, অন্যদিকে শেষ ম্যাচে মোহামেডানকে হারালেও অবনমন লিগে যেতেই হবে ঢাকা লেপার্ডসকে।

মিরপুরে কাল টসে জিতে বোলিং নেয় প্রাইম ব্যাংক। এই ম্যাচে অগ্রণী ব্যাংক মাঠে নামায় বিপিএলে শত রান করা ও কিছুদিন আগে পিএসএলে দ্রুততম শতক করা উসমান খানকে। কিন্তু ঢাকা লিগে উসমানের ব্যাটে উলটো সুর, ৯১ বলে ৫৩ রান করেন পাকিস্তান থেকে আসা এই ক্রিকেটার। সাদমান ইসলাম করেন ৯৫ বলে ৬২ রান। এই দুজনের ধীরগতির ইনিংস চাপ বাড়ায় পরের দিকের ব্যাটসম্যানদের ওপর। জহুরুল ৫৬ বলে ৫৮ আর মার্শাল আইয়ুবের ২৭ বলে ৩৪* রানের সঙ্গে আবু হায়দার রনির ১৫ বলে ৩৬* রানের ক্যামিওতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রণী ব্যাংক। ১০ ওভারে ৬৪ রানে জোড়া শিকার তাইজুল ইসলামের।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল প্রাইম ব্যাংকে নাম লেখালেও খেলেছেন মাত্র ২ ম্যাচ। এখন ছেলের চিকিৎসার কারণে সিঙ্গাপুরে থাকা তামিম ফের খেলতে পারেন সুপার লিগে, জানিয়েছেন দলের ম্যানেজার। কাল অগ্রণী ব্যাংককে হারিয়ে ১১ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট টেবিলের চারে প্রাইম ব্যাংক। নাসির হোসেনের ১১২* রানের ইনিংসের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে অনায়াস জয় প্রাইম ব্যাংকের।

বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে শতরান করে আবাহনীকে জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করা সিটি ক্লাব ৩৯.২ ওভারে অলআউট হয় মাত্র ১৭২ রানে। লেগস্পিনার রিশাদ হোসেন নিয়েছেন ৪ উইকেট। জবাবে শুরুতে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে অল্পতেই হারায় আবাহনী। এনামুল হক ১ ও নাঈম শেখ ০ রানে আউট। এরপর শান্ত ১০২ ও মাহমুদুল হাসান জয় ৩৯ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।

বিকেএসপিতে মাশরাফী বিন মোর্ত্তজার লেজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানম-ির কাছে। রূপগঞ্জের দুই ওপেনারই আউট হয়ে যান রান না করে। সাব্বির রহমান, চিরাগ জানিরাও পারেননি বিপর্যয় সামাল দিতে। একমাত্র ইরফান শুক্কুরই হাফসেঞ্চুরি করেন, ৫৯ বলে করেন ৫৩ রান। ৪৫.১ ওভারে ১৬২ রানেই অলআউট রূপগঞ্জ। উল্টোদিকে শেখ জামালের দুই ওপেনারই খেলা শেষ করে দেন, সাইফ হাসান ৭৮ ও রবিউল ইসলাম ৫৮ রান করেন, দুজনের ১৪১ রানের জুটিতেই জয় নিশ্চিত হয় শেখ জামালের। রবিউল আউট হলে ব্যাটিংয়ে নামেন তাওহীদ হৃদয়, ২০ বলে ২৪ রান করে দলকে এনে দেন ৯ উইকেটের জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত