বহিঃশত্রুর হুমকি মোকাবিলার পরিকল্পনা অনুযায়ী সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে দেশটি। গতকাল বুধবার উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে কিম বলেন, যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ‘হুমকি’ মোকাবিলায় এমন স্যাটেলাইট প্রয়োজন ছিল। নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনের আহ্বান জানান তিনি। তবে সেটি কবে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। গত বছরের ডিসেম্বরে এই গোয়েন্দা স্যাটেলাইটের সর্বশেষ পরীক্ষা করা হয়। তখন জানানো হয় ২০২৩ সালের এপ্রিলের মধ্যে উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করবে তারা।
×
