চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তাদের নিয়োগ স্থায়ী ও আউটসোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন কারখানাটির শ্রমিক-কর্মচারীরা।
রাষ্ট্রায়ত্ত এ সার কারখানার প্রধান ফটকে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থায়ী নিয়োগ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন তারা। পরে কারখানার ভেতরে ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে দাবি তুলে ধরেন অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। তারা অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা।
বক্তারা বলেন, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য করে অনভিজ্ঞ ও অযোগ্য লোক নিয়োগ দিলেও এখানে কর্মরত অস্থায়ী শ্রমিকদের নিয়োগ স্থায়ী করা হচ্ছে না। বর্তমানে নতুন করে আউটসোর্সিংয়ের নামে বেতন কমানোর পাঁয়তারা শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক-কর্মচারীদের দাবি আউটসোর্সিং প্রক্রিয়ায় বেতন কাঠামো নির্ধারণ বন্ধ করতে হবে। আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ না করলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে বক্তব্য দেন কারখানার ক্যাজুয়াল শ্রমিক নাসির খান, শাহ্ জালাল চৌধুরী, আরিফ হোসেন, জাবের আহমদ, মানিক কুমার নাথ, মোহাম্মদ শরীফ, জানে আলম প্রমুখ। এ ব্যাপারে ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী বিসিআইসির নির্দেশনা মতে চলতি বছরের জুলাই মাস থেকে অস্থায়ী শ্রমিকদের আউটসোর্সিং প্রক্রিয়ায় বেতন নির্ধারণ করা হবে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সরকারি নীতিমালা মেনে কারখানায় শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে।
