শিরোপার লড়াইয়ে আবাহনী-শেখ জামাল, লেপার্ডস-অগ্রণীর অবনমন

আপডেট : ০৭ মে ২০২৩, ০৭:৩৮ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। সুবাদে শিরোপার সম্ভাবনা আরও জোরালো হয়েছে আকাশি-নীলদের।

সাভারের বিকেএসপিতে রবিবার মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। ২৩০ রানের লক্ষ্য দলটি ছুঁয়েছে ১০ ওভার হাতে রেখে।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যারা এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩ রানে হারিয়েছে।

সুপার লিগে দলগুলোর দুটি করে ম্যাচ বাকি এখনও। তাই শেখ জামালের শিরোপার সম্ভাবনা জিইয়ে আছে বেশ ভালোভাবেই। সে ক্ষেত্রে বাকি দুই ম্যাচেই জিততে হবে তাদের। শেষ রাউন্ডে আবার তাদের প্রতিপক্ষ আবাহনী। ফলে ওই ম্যাচেই হয়তো নির্ধারন হবে শিরোপার।

আবাহনী ও শেখ জামাল বাদে বাকি দলগুলো শিরোপার রেস থেকে ছিটকে গেছে। রূপগঞ্জের পয়েন্ট যেমন ১৮। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালকেও (২৪) তাদের আর ছোঁয়ার সুযোগ নেই। ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা প্রাইম ব্যাংকও শিরোপার রেসে নেই।

১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে পাঁচে। যারা এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে ২০ রানে। সুপার লিগে এটি প্রথম জয় মোহামেডানের। গাজী গ্রুপ ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগের ছয় দলের মধ্যে সবার নিচে।

এদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৪০ রানে হারিয়ে রেলিগেশন এড়িয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফলে ঢাকা লেপার্ডসকে নিয়ে প্রথম বিভাগে নেমে গেছে অগ্রণী ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত