মাহমুদউল্লাহ রিয়াদ এখন জাতীয় দলের বাইরে। ফর্মহীনতায় দলে নেই তিনি। এ বছর ওয়ানডে বিশ্বকাপে তার দলে থাকা নিয়েও তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এনিয়ে ক’দিন ধরে আলোচনাও চলছে অনেক। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে মুখ খুললেন এবার। এই ওপেনার জানালেন, অভিজ্ঞ মাহমুদউল্লাহ বেশ ভালোভাবেই আছেন তাদের পরিকল্পনায়।
তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডে। সেখানে ৯ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। এ সময় মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।
তামিম বলেন, ‘অবশ্যই সে (মাহমুদউল্লাহ) আমাদের পরিকল্পনায় আছে। শুধু উনি না, এই মুহূর্তে যে দলে নেই, যারা কিনা প্রিমিয়ার লিগে ভালো করছে, আমরা ওদেরকে নিয়েও কথা বলছি। আমরা যখন এশিয়া কাপ খেলব, তখন আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তখন আমরা যে স্কোয়াডটা করবো, সেটাই সম্ভবত বিশ্বকাপের স্কোয়াড হবে।’
তামিম আরও বলেন, ‘এই সিরিজ আর পরের সিরিজে সবাইকে দেখা, নতুন করে সুযোগ দেয়া। এই সিরিজগুলাকেই আমরা মূলত টার্গেট করছি। আমার মনে হয় রিয়াদ ভাই, আফিফ তারা সবাই আমাদের হিসাবে আছে।’
