রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বেইলি সেতুর পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক আটকা পড়েছে। এতে উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সেতুতে ওঠার পরপরই পাটাতন ভেঙে যায়। এতে সেতুর দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সেতুটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালে এর পাশেই নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে নতুন সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ সত্ত্বেও বেইলি সেতু দিয়ে যান চলাচল করে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, পাটাতন ভাঙার খবর পাওয়ার পরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। আশা করছি দ্রুত সেতু সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পারব। এ ছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে, সংযোগ সড়কের বাকি কিছু কাজ চলমান রয়েছে।
এদিকে সেতু ভেঙে পড়ার সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সেতু সংস্কারের কাজ চলছিল বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।
