ঢাকায় চীনা রাষ্ট্রদূত

শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি চীন হবে বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০২৩, ০৬:০০ এএম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আরেকটি চীনে পরিণত হবে। তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে, হতে পারে আরও ভালো, কারণ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে।’ খবর: বাসস

চলতি বছরে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের সম্মানে প্রি-ডিপারচার রিসেপশনে এসব কথা বলেন তিনি। গত রবিবার সন্ধ্যায় চীনা দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়াও ওয়েন বলেন, আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে। এমনকি হতে পারে চীনের চেয়েও ভালো। কারণ এখানে (বাংলাদেশ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী- আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে। বেইজিং ঢাকার এ ধরনের সাফল্যের প্রশংসা করে। বাংলাদেশের উন্নয়ন দেখে আমরা উৎসাহিত।’

ইয়াও ওয়েন বলেন, ‘উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এরইমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল। আর আমাদের (বাংলাদেশ ও চীন) চূড়ান্ত লক্ষ্য হলো অভিন্ন-উন্নয়ন।’

ইয়াও বলেন, প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীরা খুব ভাগ্যবান। কারণ কভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের তিন বছর পর এই ধরনের পরিদর্শন আবার শুরু হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এই কর্মসূচি অংশগ্রহণকারীদের চীনকে আরও ভালোভাবে অধ্যয়ন করতে সাহায্য করবে। কারণ দুই দেশের সব দিক থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার নজর রয়েছে। দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং অনুষ্ঠানটি সমন্বয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত