বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি স্যু এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা কোম্পানি জিবিন টেকনোলজি (বিডি) কো. লি.। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে গতকাল সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জিবিন টেকনোলজি (বিডি) কো. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মি. উ সুয়েলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিবিন টেকনোলজি (বিডি) বার্ষিক ৬০ লাখ পিস আউটসোল, মিডসোল, ইনজেকশন পার্টস, ব্যকস্টে, হিপ ক্লিপ, টো ক্যাপ, স্পোর্টস স্পাইক, ইভিএ, পিইউ ফোম, পিইউ কম্পোনেন্টসহ বিভিন্ন ধরনের পিস স্যু এক্সেসরিজ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে প্রাথমিক পর্যায়ে ১৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে জিবিন টেকনোলজি (বিডি)সহ মোট ১৮টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বেপজা। এই প্রতিষ্ঠানসমূহ প্রচলিত তৈরি পোশাকসহ বৈচিত্র্যময় নানা পণ্য উৎপাদন করতে মোট ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে।
