পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

কোনো রাষ্ট্রদূত চলাচলে বাড়তি সুবিধা পাবেন না

আপডেট : ১৬ মে ২০২৩, ০২:৩৪ এএম

রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, দূতাবাসের নিরাপত্তায় পুলিশ এবং রাষ্ট্রদূতদের গানম্যান নিয়োজিত আছে। কয়েকজন বিদেশি কূটনীতিক অলিখিতভাবে ট্রাফিক মুভমেন্টের জন্য যে জনবল সুবিধা পেতেন সেটা দেওয়া হবে না।

এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ ছয়টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বাড়তি নিরাপত্তা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনবল সংকট ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থের বিনিময়ে কূটনীতিকরা বাড়তি নিরাপত্তা সুবিধা নিতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু কিছু গণমাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বা বাংলাদেশস্থ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রদান নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য আমাদের নজরে এসেছে। প্রতিটি দূতাবাসেই পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা বিধান অব্যাহত রেখেছেন এবং রাষ্ট্রদূতদের পুলিশ প্রদত্ত গানম্যান নিয়োজিত আছেন। এ কারণে নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কিত এ বিভ্রান্তকর খবরটি সঠিক নয়।’

মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা বিধানের জন্য আন্তর্জাতিক আইন এবং প্রচলিত রীতির প্রতি শ্রদ্ধাশীল। সাধারণত বাংলাদেশ পুলিশ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার গুরু-দায়িত্বটি সবসময় পালন করে থাকে। কিন্তু বাংলাদেশে কয়েক বছর আগের একটি ঘটনা পরবর্তী সময় থেকে কয়েকজন বিদেশি কূটনীতিককে অলিখিতভাবে গাড়িসহ মূলত নিয়মিত ট্রাফিক মুভমেন্টের সহায়তার জন্য বাড়তি কিছু লোকবল দেওয়া হয়েছিল। বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণাধীন আছে। তাই তাদের বাড়তি নিরাপত্তা প্রদানের কোনো আবশ্যকতা নেই। পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর কার্যপরিধি বৃদ্ধির জন্য এ বাড়তি সুবিধাটি এখন অব্যাহত রাখা যাচ্ছে না। এখানে স্মরণ করা যেতে পারে যে, পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা ও চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোনো সুবিধা প্রদান করা হয় না।’

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ‘সাম্প্রতিককালে বেশ কিছু দূতাবাস থেকে একই ধরনের সুবিধার জন্য অনুরোধ করার একটি প্রবণতা আমরা লক্ষ করছি। এ লক্ষ্যে তাদের সবার সুবিধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার বাহিনীতে একটি চৌকস দল তৈরি করেছে। বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এ সুবিধাটি গ্রহণ করতে পারবেন। কোনো দূতাবাস আনসার সদস্যদের এ সুবিধা অব্যাহত রাখতে চাইলে বা বাড়তি সুবিধা নিতে চাইলে আমাদের লিখিতভাবে জানালে আমরা সেই ব্যবস্থাটি গ্রহণ করব। শিগগিরই সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশের সব বিদেশি দূতাবাসকে জানিয়ে দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত