২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি চান না সাকিব

আপডেট : ১৭ মে ২০২৩, ০১:৩৬ এএম

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের সেরা দল খেলেছিল ইংল্যান্ডে। অন্তত ওই সময় পর্যন্ত। তাই মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে ওই দলের ওপর আশাও ছিল বেশি। রাউন্ড রবিন পর্বের লিগ হওয়ায় টুর্নামেন্টে বেশি ম্যাচ খেলার সুযোগ ছিল দলগুলোর। আর সে কারণেই বাংলাদেশের স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলার। একটা সময় পর্যন্ত ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ দিকে ভারতের কাছে হেরে যাওয়ায় দৌড়ে ছিটকে পড়ে। সেই ভুলের পুনরাবৃত্তি ২০২৩-এ করতে চান না ইংল্যান্ড আসরে ব্যাট বলের সেরা পারফরমার সাকিব আল হাসান।।

গত বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে হওয়ায় সেমিফাইনাল খেলতে যে কোনো দলের কমপক্ষে ৫ জয় দরকার ছিল। এরপর রান রেট ও অন্য দলের ফলাফলের দিকে তাকানো। বাংলাদেশ টার্গেট করেছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা, উইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ অফ্রিকা, পাকিস্তান ম্যাচগুলোকে। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের কাছে গিয়েও ২ উইকেটে হার এবং শক্তিশালী ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হারে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা ছিল মাশরাফীদের। কিন্তু ওই ম্যাচ বৃষ্টিতে প- হওয়ায় পূর্ণ পয়েন্টের আশা শেষ হয়। এরপর উইন্ডিজকে ও আফগানদের প্রত্যাশা মতো যথাক্রমে ৭ উইকেট ও ৬২ রানে হারিয়ে একটা আশা রেখেছিলেন মাশরাফীরা। কিন্তু ভারতের সঙ্গে ২৮ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ করতে হয় বাংলাদেশকে। আর পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচে ৯৪ রানে হেরেছিলেন মাশরাফী-সাকিবরা। সাকিব বলছেন, সেবার ছোট কিছু ভুলের কারণে লক্ষ্য পূরণ হয়নি। সাকিবের মতে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার খুব বেশি সময় নেই। তবে সেরা অলরাউন্ডারের আশা সেপ্টেম্বরের এশিয়া কাপের আগেই দল গুছিয়ে উঠবে, ‘যে ভুল হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহ্নিত করেছেন। তারা ভালো করেই জানেন যে কোন জায়গায় আরও ভালো করলে আরও একটু ভালো হবে।’

বাংলাদেশের বিশ্বকাপ দলে এখন সবচেয়ে বড় সিদ্ধান্তের বিষয় ব্যাটিং অর্ডারের সাত নম্বর পজিশন। এই পজিশনে একজন পাওয়ার হিটারের অভাব খুব ভালো ভাবে টের পেতে হচ্ছে। মাহমুদউল্লাহ রিয়াদকে গত দুই সিরিজে বিশ্রাম দেওয়ায় এখন খুলে যাওয়া এই পজিশন নিয়ে প্রতিযোগিতাও বেড়েছে। সাকিবের কথায় সাতজন ক্রিকেটার এখন এই পজিশনের জন্য লড়ছেন। তবে কাকে নেবেন সে ব্যাপারে সাকিব নিজে কিছু বলতে চাননি, ‘আমি দলের টিম ম্যানেজমেন্টের অংশ না। তাই এ ব্যাপারে কী হবে সেটা বলতে পারছি না। তবে ব্যক্তিগত জায়গা থেকে বললে প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ কজনের। প্রতিটা খেলোয়াড় ওখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেট দেখুন আফিফ আছে ওখানে, মোসাদ্দেক, সোহান (নুরুল হাসান), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অসাধারণ খেলেছে। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাতে ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ৬-৭ জনের অপশন। সিদ্ধান্তটা খুবই সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য কন্ডিশন, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক, অধিনায়ক, কোচ সঠিক সিদ্ধান্তই নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত