হাতে আর ৪ উইকেট, ওভার বাকি ১৩। লঙ্গার ভার্সনে শেষদিনের শেষ সেশনে এমন সমীকরণ থাকলে ব্যাটিং দলের জয়ের সুযোগ কমই থাকে। বোলিং দলই এগিয়ে থাকে বেশি। কাল সিলেটে বাংলাদেশ ‘এ’ দলকে এ অবস্থায় ফেলে প্রথম চার দিনের ম্যাচে জয়ের পথে এগিয়ে ছিল উইন্ডিজ ‘এ’ দল। কিন্তু জাকের আলী ও রিশাদ হোসেন শেষ বিকেলের ১৩ ওভার অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন। তাতে তৃপ্তির ড্র নিয়ে শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। উইন্ডিজের ৭ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণার বিপরীতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৪ রান করে বাংলাদেশ। ফলোঅনে নেমে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৮৭ রান করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৫ রান নিয়ে চতুর্থ দিন খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো টি-টোয়েন্টি স্টাইলে এবার আর ব্যাট চালানো হয়নি স্বাগতিক ব্যাটারদের; বরং দ্রুত অলআউট হয়ে ইনিংস হারের ভয় জেঁকে ধরে টপঅর্ডারের তিনজন এক অঙ্কের ঘরে আউট হওয়ায়। প্রথম ইনিংসে ভালো করা জাকির, সাইফ ও আফিফ তিনজন ফিরেছেন যথাক্রমে ০, ৬ ও ৯ রানে। টেস্ট ওপেনার সাদমান ইসলাম ৯০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন। এ ছাড়া ২০ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। শেষদিকে জাকের আলী ৩৬ ও রিশাদ ২০ রানে অপরাজিত থেকে দলের হার ঠেকান। দুজনে ৫৫ রানের জুটি গড়েন। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ ২৩ মে থেকে আর শেষ ম্যাচটি ৩০ মে থেকে।
