করমর্দন, আরবীয় কায়দায় গালে গাল মেলানোর মতো উষ্ণ অভ্যর্থনায় আরব বিশ্ব বরণ করে নিল একসময়ের শত্রু বাশার আল আসাদকে। আরব লিগ সম্মেলনে এভাবেই স্বাগত জানানো হলো এতদিন একঘরে হয়ে থাকা সিরিয়ার প্রেসিডেন্টকে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্মেলনের শুরুতে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আসাদকে স্বাগত জানিয়ে তাকে আলিঙ্গন ও করমর্দন করেন। আরব লিগের নেতারা বছরের পর বছর আসাদকে এড়িয়ে চলেছেন। কিন্তু সম্প্রতি নীতি পরিবর্তনের মধ্য দিয়ে শত্রুতার পাতা উল্টিয়ে আসাদকে ফের নিজেদের মাঝে ফিরিয়ে এনেছেন তারা। একসময় যুক্তরাষ্ট্রের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত তেল সম্পদে সমৃদ্ধ সৌদি আরব গত বছর আরব বিশ্বের কূটনৈতিক নেতৃত্ব গ্রহণ করে। সুন্নি প্রধান দেশটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া প্রধান ইরানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, সিরিয়াকে আরব লিগে ফিরিয়ে এনেছে। সম্মেলনে আসাদ বলেছেন, ‘আরববাদ সিরিয়ার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ।’
