আজই কি মেসিদের শিরোপা উৎসব

আপডেট : ২১ মে ২০২৩, ১২:০৪ এএম

এই সেদিনও পিএসজির লিগ শিরোপা নিয়ে ছিল অনিশ্চয়তা। ঘরের মাঠেই রেনে, লিওঁর পর ২৯ এপ্রিলের লরিয়েঁর কাছে হেরে যাওয়ার ধাক্কার মাঝে লিওনেল মেসি ক্লাবের অনুমতি ছাড়া সৌদি ভ্রমণে যাওয়া নিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে নিষিদ্ধ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্য দিয়ে গেছে ক্লাবটি। তবে টানা দুই ম্যাচ জিতে বেশ চাঙ্গা হয়েছে প্যারিসিয়ানরা। আজই ১১তম লিগ শিরোপা উৎসবে মাততে পারে তারা।

৩৫ ম্যাচে ৮১ পয়েন্টে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৭৫ পয়েন্টে দুইয়ে লাসঁ। রাতে ৩৬তম রাউন্ডের ম্যাচে অজের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে দুইয়ে থাকা লাসঁ খেলবে লরিয়ের বিপক্ষে। তারা যদি পয়েন্ট হারায় তবে পিএসজি নিজেদের ম্যাচটি জিতলেই পয়েন্টের হিসাবেই শিরোপা নিশ্চিত হবে তাদের।

লাসঁ যদি জেতেও, তাহলে অজেরকে হারালেও চ্যাম্পিয়নের পথেই হাঁটবে পিএসজি। কারণ, শেষ দুই ম্যাচে লাসেঁর জয়, আর পিএসজির হারে পয়েন্ট (৮৪) হলেও গোল পার্থক্যে শিরোপা জিতবে মেসি-এমবাপ্পেরা। কারণ গোলগড়ে পিএসজি এত বড় (১৭) ব্যবধানে এগিয়ে যে, শেষ তিন রাউন্ডে তা ঘোচানো প্রায় অসম্ভব লাসঁ এর।

এর ব্যত্যয় হতে গেলে এমন কিছু ঘটতে হবে যা অলৌকিক বলতে হবে। শেষ তিন ম্যাচে পিএসজির হার আর নিজেদের জয়ে লাসঁ হতে পারে চ্যাম্পিয়ন। 

পিএসজি লিগে নিজেদের সবশেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। তারা ৫-০ তে হারায় অ্যাজাসিওকে। তবে সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন লেফট ব্যাক আশরাফ হাকিমি। তাই আজ তাকে পাবে না গালতিয়ের দল। লিগে এবার প্রথম দেখায় পিএসজি ৫-০ তে হারিয়েছিল অজিয়েকে। তাই পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে থাকা দলটির বিপক্ষে জয়ের আশা করতেই পারে পিএসজি সমর্থকরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্রিস্তফ গালতিয়েকে প্রশ্ন করা হয় ‘এমএনএম’ নিয়ে। অর্থাৎ মেসি, নেইমার ও এমবাপ্পের বিষয়ে। নেইমার ইনজুরিতে থাকার কারণে মৌসুমে অনেকটা সময়ই এমএনএমকে পাননি গালতিয়ে। এ নিয়ে গালতিয়ে বলেন, ‘আপনার কাছে লিও, কিলিয়ান এবং নেইমার থাকলে শুরু থেকেই তাদের একসঙ্গে মাঠে দেখতে চাইবেন। তবে এ মৌসুমের মাঝে ছিল বিশ্বকাপ। তারা নানা সময় ইনজুরিতে পড়েছে। বিশেষ করে নেইমারের ইনজুরি গুরুতর। তাই অনেকটা সময় তাদের একসঙ্গে পাইনি। এখানে কিছু করার নেই। তবে যখন তারা মাঠে ছিল ভালো পারফরম্যান্স করেছে। দুঃখটা হলো গুরুত্বপূর্ণ সময়ে তাদের একসঙ্গে পাচ্ছি না।’

গুঞ্জন আছে বার্নার্দো সিলভাকে আগামী মৌসুমে পেতে চায় পিএসজি। চ্যাম্পিয়নস লিগ সেমির দ্বিতীয় লেগে দারুণ খেলেন তিনি। তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল গালতিয়েকে। তবে এ বিষয়ে কৌশলে উত্তর দেন তিনি। বলেছেন, সে ম্যানসিটির খেলোয়াড়।

পিএসজির লিগে বাকি আর তিন ম্যাচ। অজিয়ে ম্যাচের পর পিএসজি খেলবে ত্রাসবুর্গ ও ক্লেরমো ফুতের বিপক্ষে। শেষ ম্যাচটি তারা খেলবে পার্ক দ্য প্রিন্সেসে। মেসির পিএসজি ছাড়ার সম্ভাবনার কথা ধরলে, প্যারিসের ক্লাবটির হয়ে আর তিনটি ম্যাচ খেলার সুযোগ তার সামনে। তাই মেসি ভক্তরা পিএসজির বাকি ম্যাচগুলো দেখতে চাইবেন তা বলাই যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত