কিলিয়ান এমবাপ্পের জোড়ায় রবিবার অজেকে ২-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা নিশ্চিত করেই ফেলেছে পিএসজি। তবে শিরোপা উৎসবটি করতে পারেনি কাগজে-কলমের বাস্তবতার কারণে। ৩৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৪। ৬ পয়েন্টে পিছিয়ে থাকা লাসঁ যদি শেষ দুই ম্যাচ জেতে এবং পিএসজি হারে, সমান হবে দুদল (৮৪)। তখন শিরোপা নির্ধারিত হবে গোলগড়ে। যেখানে পিএসজি লাসেঁর চেয়ে এগিয়ে ১৬।
১৫তম রাউন্ড পিএসজি-লাসেঁর গোলপার্থক্য ছিল ১৮। ২১ ম্যাচে এই পার্থক্য কমেছে মাত্র দুই। বাকি দুই ম্যাচে লাসঁ ১৬ গোলপার্থক্য ঘুচিয়ে ফেলবে এমনটা হবে অবাস্তবই। তাই বলেই দেওয়া যায় লিগ ওয়ানের টানা দ্বিতীয় শিরোপা জিতেই গেছেন মেসি-এমবাপ্পেরা। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতার; যা ত্রাসবুর্গ ও ক্লেমোঁ ফুতের সঙ্গে বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই হয়ে যাবে। আর না পেলেও গোল ব্যবধানের বিষয়টি তো আছেই। অজের মাঠে ছয় ও আট মিনিটে গোল করেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটিতে অবদান ছিল লিওনেল মেসির। বাকি সময়ে দারুণ খেলেও ফিনিশিংয়ে কার্যকর হতে পারেনি পিএসজি। উল্টো এক গোল হজম করে। মাত্র ৩৭ শতাংশ সময় বল দখলে রাখা অজের গোলের জন্য নিয়েছে ১৪টি। এর সাতটি ছিল লক্ষ্যে। পিএসজি ১৫ শটের কেবল চারটি রাখতে পারে লক্ষ্যে।
পিএসজি অধিনায়ক মার্কিনহোস বলেন, ‘দুই গোলের পর আমরা আত্মতৃপ্তিতে ভুগছিলাম। তবে ম্যাচ শেষে এটুকু বলতে পারি ট্রফিতে আমরা এক হাত দিয়ে রেখেছি। এই মৌসুমে অনেক পরিশ্রম করেছি। আমরা যদি আরও পয়েন্ট হারাতাম, বিষয়টা কঠিন হতো।’ এমবাপ্পে এ মৌসুমে লিগে গোল করেছেন ২৮টি।
পিএসজির এটি হতে যাচ্ছে ১১তম লিগ শিরোপা। টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ লিগ জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে মেসি ৪৩তম ট্রফি জিততে। তাতে সর্বোচ্চ ট্রফিজয়ী হিসেবে দানি আলভেসের পাশে বসবেন।
