তেপান্তর ইস্যুতে সাংবাদিকদের আন্দোলনের ঘোষণা

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:১৪ এএম

চলচ্চিত্রবান্ধব জনপ্রিয় চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তরকে পরিচালক সমিতি কর্তৃক নিষিদ্ধ করায় বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তাতে সমিতির কোনো ভ্রুক্ষেপ না হলে সাংবাদিকরা কঠোর সিদ্ধান্তে উপনীত হওয়ার আভাস দিয়েছেন। অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কাজী হায়াৎ-শাহীন সুমনসহ সমিতির অন্যান্য সদস্য নিঃশর্ত ক্ষমা না চাইলে দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, ‘চলচ্চিত্রের বিভিন্ন সমিতির মধ্যে সমন্বয় সাধনসহ ধসে পড়া চলচ্চিত্রের স্বর্ণালি অতীত পুনরুদ্ধারের পাশাপাশি এই শিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালনকারী আহমেদ তেপান্তরকে একটি মহল সামান্য অজুহাতে নিষিদ্ধ করেছে। কেপিআইভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থাপনাকে সমিতির কাজে ব্যবহার করে পরিচালক সমিতির এমন নিষেধাজ্ঞার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো সমিতির অফিস স্থাপনও কেপিআই’র নীতিমালায় কতটা যুক্তিসংগত সে বিষয়টিও ভেবে দেখবে দেশের সাংবাদিক সমাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত