রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল ৯টায় সি ইউনিটের (বিজ্ঞান) প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু। সে হিসাবে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৬টি ভবনে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।
এদিকে মঙ্গলবার (৩০ মে) কলা অনুষদভুক্ত 'এ' ইউনিট এবং পরদিন বুধবার (৩১ মে) ব্যবসায় অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি, 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, ও 'সি' ইউনিটে ৭৫ হাজার ৮৫১টি চূড়ান্ত আবেদন জমা পড়ে।
