ফাইনালের আগেই ঘোষণা ছিল ফেডারেশন কাপ শিরোপা জিতলে কোচ-খেলোয়াড়দের মিলবে আকর্ষনীয় বোনাস। সেই কথা রেখেছেন মোহামেডানের কর্তারা। আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ শিরোপার স্বাদ পেয়েছে মোহামেডান।
শীর্ষ পর্যায়ে ৯ বছর পর মিলেছে কোন সাফল্য। তাই সাফল্য এনে দেয়া ফুটবলার-কোচদের প্রতিশ্রুত বোনাস দিয়েছে ক্লাবটি। ফাইনালে চার গোল করে একাই বলতে গেলে মোহামেডানের শিরোপা আক্ষেপ ঘুঁচিয়ে দেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। তাই তিনি পেয়েছেন সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
এছাড়া গোটা ম্যাচ অসংখ্য সেভ করে মোহামেডানকে ম্যাচে রাখা গোলকিপার সুজন হোসেন ও টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যাওয়া বদলী কিপার আহসান হাবিব বিপুকে দেওয়া হয়েছে ২ লাখ টাকা করে। এর বাইরে দলের সকল ফুটবলার ও কোচ পেয়েছেন ১ লাখ টাকা করে।
তবে অর্থ পুরস্কার যাই হোক, এই শিরোপা মোহামেডানকে দিচ্ছে ঘুড়ে দাঁড়ানোর শক্তি। ক্লাব কর্তাদের কণ্ঠে ঝড়ছে প্রতিশ্রুতি, যে করেই হোক আগামী মৌসুমে মোহামেডান দল গড়বে লিগ শিরোপায় চোখ রেখে।
