নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানভীর হোসেনের বাড়ি ও পাওয়ারলুম কারখানায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
হামলার ব্যাপারে তানভীর হোসেন আওয়ামী লীগ প্রার্থী হালিম সিকদারের দিকে ইঙ্গিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালদী পৌর সভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম সিকদার নিজে ৩০০ থেকে ৫০০ লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আমার কারখানা ও পরে বাড়িতে হামলা করেন। হামলা চালিয়ে কারখানা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বাড়ি এসে অস্ত্রের মহড়া দেন। এই সময় বাড়িতে আমার বৃদ্ধ মা,সহ নারীরা আতঙ্কিত হয়ে পড়ে। বাঁধা দিতে গেলে আমার তিন জন কর্মী আহত হয়। আহতরা হলো, নুর মোহাম্মদ (২৫), ইয়াকুব (২০) ও বায়েজিদ (২০)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে, মেয়র প্রার্থী হালিম সিকদার বলেন, আমরা হামলা করিনি। শুধু মিছিল করেছি।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদও একই কথা বলেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন গোপালদী পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চার জন স্বতন্ত্র প্রার্থী ও এক জন আওয়ামী লীগের প্রার্থীসহ পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
