নারায়ণগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠান পণ্ড

আপডেট : ০৫ জুন ২০২৩, ১১:১২ পিএম

নারায়ণগঞ্জে নামাজ চলাকালে উচ্চশব্দে মাইক ব্যবহারকে কেন্দ্র করে সৃষ্ট বাগ্বিতণ্ডায় পণ্ড হয়ে গেছে বিএনপিপন্থি আইনজীবীদের দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠান পণ্ডের জন্য আওয়ামীপন্থি আইনজীবীদের দায়ী করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপিপন্থি আইনজীবীরা দোয়া অনুষ্ঠান করার সময় বার ভবনের ওপরের তলায় নামাজ হচ্ছে জানিয়ে আওয়ামী লীগপন্থি এক আইনজীবী অনুষ্ঠানস্থলে এসে মাইকের তার খুলে ফেলেন। এ নিয়ে শুরু হয় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা।

একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবী ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এরপর পূর্বানুমতি না থাকায় আইনজীবী সমিতির নিচতলায় কর্মসূচি আর পালন করতে দেওয়া হয়নি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মহসিন জানান, এখানে অনুষ্ঠানের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি। আমাদের জানানোও হয়নি। নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার করায় ইমাম সাহেব নিষেধ করলেও তারা কর্ণপাত না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন,  জুয়েল-মহসিনরা (সভাপতি-সম্পাদক) এসে আমাদের কর্মসূচি পণ্ড করে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত