ভারতে ঐতিহাসিক ব্যক্তিত্ব মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং মহিশুরের শাসক টিপু সুলতানকে নিয়ে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে করা পোস্টকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দেশটির মহারাষ্ট্রের কোলাপুর শহরে। ওসব পোস্টে দুই মুসলিম শাসককে ‘মহিমান্বিত’ করার অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী। প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে তারা এবং যারা প্রশংসা করে ওই পোস্টগুলো করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছে হিন্দুত্ববাদীরা। তাদের এ সব দাবি কেবল মৌখিক পর্যায়ে থেমে থাকেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রতিবাদকারীরা একপর্যায়ে কোলাপুরের ছত্রপতি শিবাজি মহারাজ চকের কিছু দোকানপাটে হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা করে। শহরের অন্য কয়েকটি এলাকায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মাহেন্দ্র পণ্ডিত বলেন, কয়েকটি সংগঠন হরতাল ডেকেছিল। এ সব সংগঠনের সদস্যরা বুধবার শিবাজি চকে জড়ো হয়ে পুলিশের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করে, পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
×
