বাঁধ ধ্বংসে যুদ্ধের বাঁক

আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৩৯ পিএম

‘ইউক্রেন যুদ্ধে নতুন নতুন রণক্ষেত্র সামনে আসছে। ক্রেমলিনবিরোধী একটি সশস্ত্র গোষ্ঠী রাশিয়ার সীমান্ত এলাকা বেলগোরোদে একের পর এক হামলা চালাচ্ছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন উভয় দেশের বেসামরিক মানুষ আরও বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। সামরিক এসব গতিপ্রকৃতি বিশ্লেষণে প্রশ্ন জাগছে যুদ্ধটা আরও জটিল দিকে বাঁক নিচ্ছে, নাকি এক নতুন এক অধ্যায়ের দিকে যাচ্ছে যার কোনো শেষ এখনই দেখা যাচ্ছে না’ ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা তুলে ধরতে গিয়ে এ ভাষ্য সংবাদমাধ্যম আলজাজিরার।

ইউক্রেনে রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভও এমনটাই মনে করেন। যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে উঠে এসেছে তার ভাষ্য। যেখানে তিনি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর চলমান যুদ্ধ নতুন পর্বে প্রবেশ করেছে। খেরসনে নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার মাধ্যমে এ নতুন পর্বে প্রবেশ করল যুদ্ধ।’

সোভিয়েত আমলের গুরুত্বপূর্ণ এ বাঁধটি ইউক্রেনের দক্ষিণাংশের নিপ্রো নদীতে অবস্থিত। এটি কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ। গত মঙ্গলবার সকালে বাঁধটি ভেঙে যায়। এর ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা খেরসন শহরের বিশাল ভূখণ্ড পানিতে প্লাবিত হয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগে এ ঘটনা ঘটল। এতে নদী পার হয়ে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা নদীর পূর্ব তীরে আক্রমণ চালানো ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য কঠিন হতে পারে। খেরসনের ইউক্রেন অংশে থাকা এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সেখানে তিনি মানুষের মৃতদেহ ভাসতে দেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। অন্যদিকে রুশ দখলে থাকা অংশে তিনজনের মরদেহ পাওয়ার খবর জানিয়েছে কর্র্তৃপক্ষ। বিপর্যয়কর পরিস্থিতিতে আবার আরেক বিপদের সতর্কতা জারি করেছে রেড ক্রস। সংস্থাটির অস্ত্র দূষণ ইউনিটের প্রধান এরিক টলেফসেন সতর্ক করে বলেছেন, বাঁধ ভেঙে স্থানচ্যুত মাইনগুলো শুধু খেরসনের বাসিন্দাদের জন্যই না, যারা তাদের সাহায্য করার জন্য আসবে তাদের জন্যও গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

ইউক্রেন ও ন্যাটো বাঁধটি উড়িয়ে দেওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করেছে, বাঁধটি ভেঙে যাওয়ার জন্য ইউক্রেন দায়ী। ভেস্তে যাওয়া পাল্টা আক্রমণ থেকে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতেই এমন নাশকতা চালিয়েছে কিয়েভ। বাঁধ ধসের ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার ঘটনা অনেকটাই নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনার মতো। কারা পাইপলাইনটি ধ্বংস করেছে, তা এখনো অজানা। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে পশ্চিমারা রাশিয়াকেই দোষারোপ করা শুরু করেছিল। কিন্তু এখন পশ্চিমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের হাত আছে বলে ইঙ্গিত দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত