মানিকগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালান সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে মানিকগঞ্জ শহরের নিউ হীরা ইলেকট্রনিকসকে ১৫ হাজার ও রাজ ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক রুমেল বলেন, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল থেকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি। রাজ ইলেকট্রনিকসে দেখা যায়, ৪৩০০ টাকার ফ্যানের মূল্য মুছে বিক্রি করছে ৮,০০০ টাকায় এবং নিউ হীরা ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠান ফ্যানের ৫ হাজার টাকা মূল্যের স্টিকার তুলে বিক্রি করছে ৮ হাজার টাকা। দুই প্রতিষ্ঠানের কেউই ক্রয় রসিদ দেখাতে না পারায় এবং মাত্রাতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তাদের অর্থদণ্ড ও আদায় করা হয়।
তিনি আরও জানান, যদি কোনো দোকানি পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তা বিক্রি করেন তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ কিংবা আমাদের জেলা অফিসে অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
