অবৈধ ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন, ঠাকুরগাঁওয়ের মো. শাহজাহান ও চট্টগ্রামের মো. আলমগীর। তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা জব্দের কথা জানিয়েছে সংস্থাটি।
ডিএনসি বলছে, শাহজাহান টেকনাফের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ইয়াবা সংগ্রহ করে ঢাকার হেমায়েতপুরে তার বাসায় মজুদ করেন। এরপর রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ইয়াবা ব্যবসায়ীদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করেন।
গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার যাত্রাবাড়ী ও হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জমান বলেন, টেকনাফ থেকে ঢাকায় আসা ইয়াবা সমন্বয় করে উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঠাতেন শাহজাহান। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ অন্য জেলাগুলোতে ইয়াবা সরবরাহ করে আসছিলেন তারা। তিনি এসব ইয়াবা বহনে নারীদের ব্যবহার করতেন। ট্রাকচালক আলমগীর টেকনাফ থেকে ইয়াবা কারবারিদের নির্দেশে পণ্য পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা পৌঁছে দিতেন। এজন্য প্রতি ট্রিপে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত পেতেন আলমগীর।
ডিএনসি জানিয়েছে, ট্রাকচালক আলমগীরের ট্রাকের স্পেয়ার চাকার টিউবে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা বড়ি এবং হেমায়েতপুরে শাহজাহানের বাসা থেকে পেটিকোটে সেলাই করে লুকানো অবস্থায় ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, হাতেনাতে আটক করার পরও মাদক কারবারে জড়িতরা কিছু স্বীকার করতে চান না। রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর এ ঘটনায় আরও কারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
