আট হাজার টাকায় কাউন্সিলর প্রার্থীকে জেতানোর টোপ!

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:২৬ এএম

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে টাকার বিনিময়ে ‘জেতানোর প্রলোভন’ দেওয়ার ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এবং ওই প্রার্থীর পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় জিডি দুটি করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান প্রার্থী আরমান আলীর ফোনে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানের (অব.) পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করা হয়। আসন্ন নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা দাবি করা হয়েছে।

তিনি বলেন, এর সঙ্গে নির্বাচন কমিশন এমনকি নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম দ্বারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে ওই কর্মকর্তা ঘটনায় যুক্ত দুষ্কৃতকারীকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, প্রার্থীর কাছে থেকে অভিযোগ পাওয়ার পর আমাদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনার পরিচয় দিয়ে ওই প্রার্থীর কাছ থেকে আট হাজার টাকা দাবি করা হয়। এতে তার সন্দেহ হলে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত